শিরোনাম

রাঙ্গামাটি, ৭ মে, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে বুধবার রাতে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।
গতকাল দুপুরে বরকল উপজেলার ১৫১ নং গর্জনতলী মৌজার লোকালয় হতে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেন বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। পরবর্তীতে লজ্জাবতী বানরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফুলী রেঞ্জে অবমুক্তের জন্য হস্তান্তর করেন। বুধবার রাত সাড়ে ৯টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা এই লজ্জাবতী বানরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
এ সময় কর্ণফুলী রেঞ্জের ডেপুটি রেঞ্জার আবু নাঈম, মিঠু তালুকদার এবং ওসমান গনিসহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বাসস’কে বলেন, উপজেলায় একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে তা কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
তিনি জানান, উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানরটি আইইউসিএন রেড লিস্ট অনুযায়ী বিপন্ন ক্যাটাগরিভুক্ত প্রাণী। কাপ্তাই জাতীয় উদ্যানে এই প্রজাতির বানর মাঝে মাঝে দেখা যায়।