শিরোনাম

ঝিনাইদহ, ৬ মে, ২০২৬ (বাসস) : জেলার কালীগঞ্জে ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে নানা দিকনির্দেশনামূলক আলোচনা করেন বক্তারা।
বুধবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, যশোর অঞ্চলের মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আকতারুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে হবে। কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ ও সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। এ সময় তারা কৃষকদের উদ্দেশ্যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, মাটির গুণাগুণ রক্ষা, সঠিক সার প্রয়োগ এবং কীটনাশকের নিরাপদ ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা দেন।