শিরোনাম

বগুড়া, ১৫ মার্চ ২০২৬ (বাসস): জেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ৪৪০ জন মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নতুন পোশাক বিতরণ করেছে যুব রেড ক্রিসেন্ট।
আজ রোববার দুপুরে শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে ‘এসো সবার হাত ধরি, সবাই মিলে ঈদ করি’ শীর্ষক কর্মসূচির অষ্টম অধিবেশনে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে।
এ বছর সংগঠনের স্বেচ্ছাসেবকেরা তাদের ঈদ খরচের কিছু অংশ এবং ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থে ২২০টি পরিবারকে সেমাই, চিনিসহ প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী এবং ২২০ জন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুকে নতুন পোশাক দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার দ্বিগুণ সংখ্যক মানুষের কাছে এ সহায়তা পৌঁছে দিয়েছে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস।
যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের উপ-প্রধান ২ মইনুল ইসলাম বাসসকে জানান, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে এই সেবা কার্যক্রম চলে আসছে। মাঝে করোনা মহামারির কারণে কিছুটা বিরতি থাকলেও এ বছর বড় পরিসরে অষ্টম অধিবেশন সম্পন্ন হলো। যুব প্রধান রায়ান খন্দকারের নেতৃত্বে সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবী এই পুরো কার্যক্রমটি সফল করতে কাজ করেছেন।