শিরোনাম

রাঙ্গামাটি, ১৫ মার্চ ২০২৬ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলার পতেঙ্গা ছড়া নামক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোন।
গতকাল শনিবার (১৪ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানের নেতৃত্বে মারিশ্যা দিঘিনালা সড়কের ২ কিলো পতেঙ্গা ছড়ায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
এসময় মোটরসাইকেল যোগে দুই পাচারকারী সিগারেট নিয়ে যাওয়ার সময় বিজিবির অবস্থান টের পেয়ে বস্তা ফেলে দ্রুত জঙ্গলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৬৫ কার্টুন ৬৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৯৫ হাজার টাকার অধিক।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বাসসকে জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি বিভিন্ন কার্যক্রম পরিচালনার করে আসছে। গতকাল শনিবার রাতে সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে বিদেশি সিগারেট জব্দ করা হয়।
তিনি জানান, চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।