শিরোনাম

নারায়ণগঞ্জ, ১৫ মার্চ ২০২৬ (বাসস): জেলার রূপগঞ্জ উপজেলায় পৃথক দুটি নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ও পূর্বাচল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও নির্মাণাধীন ভবন থেকে পড়ে এসব প্রাণহানি ঘটে। এ ঘটনায় দগ্ধ এক যুবক ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় ভবন মালিক আফরান মোল্লার নির্মাণাধীন তিনতলা বাড়িতে থাই গ্লাসের কাজ চলছিল। কাজের সময় ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তারের সঙ্গে সংস্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীর ঝলসে মারা যান ভবন মালিক আফরান মোল্লা (৫৫)।
এ সময় দগ্ধ হন তাঁর ছেলে লিমন মোল্লা (৩২) ও থাই মিস্ত্রি সাদিকুল ইসলাম (৩৫)। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাতটার দিকে সাদিকুল ইসলামের মৃত্যু হয়।
দগ্ধ লিমন মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে একই দিন বিকেলে পূর্বাচল জলসিড়ি আবাসন প্রকল্পের ১৬ নম্বর সেক্টরের ৫০৩ নম্বর সড়কে আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি নির্মাণাধীন ৯তলা ভবনের ষষ্ঠ তলায় পলেস্তার করার সময় আকস্মিকভাবে মাচার রশি ছিঁড়ে নিচে পড়ে মারা যান। এ ঘটনায় নিহত হন, কুড়িগ্রাম সদর উপজেলার আলমগীর ইসলাম (২৮) এবং একই উপজেলার মসলাপাড়া গ্রামের আলম বাদশা (৩৫)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোলাকান্দাইল ও পূর্বাচলে পৃথক ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন।
নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।