বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১২:০০

রংপুর বিভাগের সাংবাদিক ও সাংবাদিকদের মেধাবী সন্তানদের মাঝে অনুদানের চেক বিতরণ

গতকাল শনিবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

রংপুর, ১৫ মার্চ ২০২৬ (বাসস): রংপুর বিভাগের সাংবাদিক ও সাংবাদিকদের মেধাবী সন্তানের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। 

গতকাল শনিবার (১৪ই মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। 

গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করতে এই সরকার বদ্ধপরিকর। 

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রসঙ্গে তিনি বলেন, অসচ্ছল ও দুস্থ সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রধান কাজ। সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের পেনসন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সভাপতির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, রংপুরের সভাপতি মোহাম্মদ এনামুল আহসান বলেন, গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তিনি সরকারের সঙ্গে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য দেন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রংপুর প্রেসক্লাবের প্রশাসক মো. রমিজ আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক প্রমুখ।

এ অনুষ্ঠানে রংপুর বিভাগের ২৩ জন সাংবাদিককে ১১ লাখ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদানের চেক এবং সাংবাদিকদের ৯৪ জন মেধাবী সন্তানকে ১৫ লাখ ৯৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বাছিরকে সংবর্ধনা প্রদান করে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে। 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক।

বিশেষ অতিথির বক্তব্য দেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এতে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।