শিরোনাম

ফরিদপুর, ১৪ মার্চ ২০২৬ (বাসস): ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ফরিদপুরে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সকাল ১০ টায় সিভিল সার্জনের কার্যালয় ও জেনারেল হাসপাতাল ফরিদপুরের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক ডাক্তার গণেশ কুমার আগরওয়ালা, কনসালটেন্ট ডাক্তার মোয়াজজেম হোসেন ও এম ওসিএস ডাক্তার আল আমিন সরোয়ার।
বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া একটি মারাত্মক রোগ। এ রোগ থেকে মুক্ত থাকতে হলে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণ করা অত্যন্ত জরুরি। এজন্য সকলকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।