শিরোনাম

বাগেরহাট, ১৪ মার্চ ২০২৬ (বাসস):পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। আজ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিতে বাহিনীটি নিয়মিত টহল, যৌথ অভিযান ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে থাকে।
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনার রূপসা, কয়রা ও নলিয়ান, বাগেরহাটের মোংলা ও শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটসমূহে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর মধ্যে রয়েছে বিশেষ টহল জোরদার, জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট, নৌযান তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সেজন্য কোস্ট গার্ডের প্রতিটি সদস্য সর্বদা তৎপর রয়েছে। এর মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যাচ্ছে।
কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে এবং ঈদ-উল-ফিতরের পরও যাত্রীসাধারণের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি বাসসকে জানান।