বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৩:৩৩

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত 

শহরের অম্বিকাপুরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: বাসস

ফরিদপুর, ১৪ মাচর্, ২০২৬ (বাসস): আজ ১৪ মার্চ। পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী।  নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় জেলায় আজ তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ দিনের শুরুতে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা শহরের অম্বিকাপুরে অবস্থিত কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। 

অন্যান্যের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর জেলা পুলিশ, ফরিদপুর ফাউন্ডেশন, জসিম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, পল্লীকবি জসীমউদদীনের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তার লেখা থেকে গ্রামীণ জীবন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সম্পর্কে অনেক কিছু শেখার রয়েছে। তিনি নতুন প্রজন্মকে কবির জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

তিনি জানান, ‘মৃত্যুঞ্জয় কবি’ নামে একটি গ্রন্থ শিগ্গিরই প্রকাশের প্রস্তুতি চলছে। এতে ফরিদপুরের নতুন প্রজন্ম পল্লীকবি জসীমউদ্দীন সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবে।

আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর পুলিশ সুপার মো.নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ সামাদ, প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন ও জেলা মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম। 

আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।  আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল এ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।