বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৩:০২

রাজশাহীর মার্কেটগুলোয় ঈদের কেনাকাটার ধুম

রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ছবি: বাসস

রাজশাহী, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় নগরীর প্রধান প্রধান বিপণিবিতানগুলোয় সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট কেনাকাটা চলছে।

শুধু মার্কেটেই নয়, ফুটপাতের দোকানগুলোতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে এসব এলাকা।

শুক্র ও শনিবার নগরীর সাহেববাজার, আরডিএ মার্কেট, নিউ মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে দলে দলে মানুষ ঈদের কেনাকাটা করতে আসছেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাকাটা চললেও বিকেলের পর ভিড় আরও বেড়ে যায়। পোশাক, জুতা, কসমেটিকসসহ বিভিন্ন ঈদ সামগ্রীর দোকানে ক্রেতাদের দীর্ঘ ভিড় লক্ষ্য করা গেছে।

নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা ক্রেতা মো. শফিক বলেন, ‘ঈদ সামনে থাকায় পরিবারের সবার জন্য কেনাকাটা করতে এসেছি। ছুটির দিন হওয়ায় ভিড় একটু বেশি। তবে নানা রকম নতুন পোশাক পাওয়ায় কেনাকাটা করতে ভালো লাগছে।’

আরেক ক্রেতা ফাইজা জান্নাত বলেন, ‘এবার পোশাকের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি মনে হচ্ছে। তবুও ঈদ বলে কথা, পরিবারের সবাইকে কিছু না কিছু কিনে দিতেই হচ্ছে।’

বিক্রেতারাও পার করছেন ব্যস্ত সময়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করতে তাদের দম ফেলার সুযোগ নেই। সাহেববাজার এলাকার পোশাক ব্যবসায়ী রফিক ইসলাম বলেন, ‘রমজানের শুরুতে বেচাকেনা একটু কম ছিল। তবে এখন ছুটির দিনে ক্রেতার চাপ অনেক বেড়েছে। আশা করছি ঈদের আগে আরও ভালো বেচাকেনা হবে।’

আরডিএ মার্কেটের আরেক বিক্রেতা সনি বলেন, ‘বিকেল ও ইফতারের পর ক্রেতা বেশি থাকে। তরুণদের মধ্যে পাঞ্জাবি, জিন্স ও ফ্যাশনেবল পোশাকের চাহিদা বেশি।’

বিপুলসংখ্যক ক্রেতা সমাগমের কারণে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ মার্কেট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, ঈদ যত ঘনিয়ে আসবে ততই রাজশাহীর মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় আরও বাড়বে। চাঁদ রাত পর্যন্ত বেচাকেনা বেশি হবে বলেও তারা আশা করছেন।