বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৩:০৭
আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৩:১৭

নরসিংদীতে ইটভাটায় অভিযানে জরিমানা

জেলার পলাশে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায়। ছবি: বাসস

নরসিংদী, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি ইটভাটাকে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. বদরুল হুদা।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এবং মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা এবং পরিদর্শক সমর কৃষ্ণ দাস। অভিযানে র‌্যাব-১১ এর একটি টহল দল ও নরসিংদী জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯)’- এর ধারা ৫(২) লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারা অনুযায়ী এসব ইটভাটার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

অভিযানে মেসার্স এম এ এস ব্রিক ফিল্ড, মেসার্স আজিজ বকুল ব্রিক ফিল্ড, মেসার্স কম্বাইন্ড ব্রিকস, মেসার্স বন্ধু ব্রিকস এবং মেসার্স একতা ব্রিক ফিল্ডসহ মোট সাতটি ইটভাটাকে সাড়ে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বাসস’কে জানিয়েছেন, পরিবেশ সুরক্ষায় নরসিংদী জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।