বাসস
  ১২ মার্চ ২০২৬, ১২:১৭
আপডেট : ১২ মার্চ ২০২৬, ১২:২৮

দেশি কাপড়কে ‘পাকিস্তানি’ বলে বিক্রি করায় জরিমানা 

চট্টগ্রামের জিইসি মোড় এলাকার সানমার ওশান সিটিতে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ছবি: বাসস

চট্টগ্রাম, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : দেশি কাপড়কে পাকিস্তানি বলে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার অভিযোগে বন্দর নগরী চট্টগ্রামের জিইসি মোড় এলাকার সানমার ওশান সিটিতে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল বুধবার বিকেলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

অভিযান চলাকালে ‘রেড আর্থ’ নামের একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ চোখের লেন্স বিক্রি এবং অনুমোদনহীন বিভিন্ন প্রসাধনী বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে ‘অ্যাঞ্জেলিক’ নামের আরেকটি প্রতিষ্ঠানে বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি কাপড় হিসেবে বিক্রি করার অভিযোগ প্রমাণিত হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি পণ্যের বৈধ ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় ভাউচার দেখাতে ব্যর্থ হয়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাসস’কে জানিয়েছে, ভোক্তাদের সঙ্গে প্রতারণা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা পণ্যের ভুল তথ্য দিয়ে বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 

ভবিষ্যতেও নগরীর বিভিন্ন বিপণি-বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।