বাসস
  ১০ মার্চ ২০২৬, ১২:২২

বিএনপি নির্বাচিত না হলে মহিলাদের বিপদ ছিল : নায়াব ইউসুফ এমপি

সোমবার বিকালে ফরিদপুর সদর উপজেলার দুটি গ্রামে কয়েকশ’ নারীর মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুব । ছবি: বাসস

ফরিদপুর, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : ফরিদপুর-৩ (সদর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি ক্ষমতায় না গেলে আমি এমপি না হলে মহিলারা বিপদে পড়ে যেতেন। ঘর থেকে বের হতে পারতেন না। কারো কাছে গিয়ে দাঁড়াইতেও পারতেন না।

গতকাল সোমবার বিকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ভেলাবাজ ও হাট গোবিন্দপুর গ্রামে কয়েকশ’ নারীর মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সাধারণ মানুষ যাতে কষ্টে না থাকে। সেই ধরনের প্রকল্প হাতে নিচ্ছে বিএনপি সরকার। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা ছাড়াও কৃষিকে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

চৌধুরী নায়াব ইউসুফ জানান, ফরিদপুরের কুমার নদ খননের মাধ্যমে কৃষকরা যাতে উপকার পেতে পারে সে ব্যবস্থা করা হবে।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক চৌধূরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মৃণাল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, কোতয়ালী থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. লুৎফর রহমান, কৃষ্ণনগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ও যুবদলের সভাপতি মো. নান্নু মোল্লা এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।