শিরোনাম

হবিগঞ্জ, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (৩৫) এবং জাহিদ মিয়ার ছেলে বাবলু মিয়া (২২)।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চোরা চক্র মোটরসাইকেল, টমটম ও অটোরিকশা চুরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত স্বপন মিয়া একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে ১২টি ডাকাতি মামলা, ২টি বিশেষ ক্ষমতা আইনের মামলা, ৮টি মাদক মামলা, ২টি চুরির মামলা, ১টি দ্রুত বিচার মামলা, ১টি অপহরণ মামলাসহ অন্যান্য আরও প্রায় ১৫টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।