শিরোনাম

খুলনা, ৮ মার্চ ২০২৬ (বাসস): ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ রোববার খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা প্রভৃতি।
দিবসটি উপলক্ষে রোববার সকালে খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
খুলনার জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা ও অ্যাডভাকেট শামীমা সুলতানা শিলু। স্বাগত বক্তব্য রাখেন জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ কালেক্টরেট প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি উদ্বোধন করেন।
সকালে খুলনার বিভাগীয় কমিশনারের নেতৃত্বে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় নারী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।