বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৩:৩৫

ব্যতিক্রমী আয়োজনে সাতক্ষীরায় নারী দিবস পালিত

সাতক্ষীরায় নারী দিবস পালিত। ছবি: বাসস

সাতক্ষীরা, ৮ মার্চ ২০২৬ (বাসস): উপকূলীয় নারীদের কথা নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী আয়োজনে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।  

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণার উদ্যোগে এবং প্যøান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আজ সকালে (৮মার্চ) সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার গল্প তরীর সুন্দরবন মিউজিয়ামে দিবসটি উদ্যাপন করা হয়।

উপকূলের নারীরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছেন। কিন্তু তাদের সেই সংগ্রামের কথা অনেক সময় নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। এবারের নারী দিবসে সেই বাস্তবতা তুলে ধরতেই আয়োজন করা হয় ভিন্নধর্মী এই কর্মসূচির। 

নারী দিবসের এবারের প্রতিপাদ্য, ‘অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ : সব নারী ও কন্যাশিশুর জন্য’। 

দিবসটি উপলক্ষে গল্প তরী প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্থানীয় নারী-পুরুষ, মুন্ডা, আদিবাসী সম্প্রদায়, তরুণ-তরুণী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে নারীর অধিকার, সমতা, মর্যাদা ও বাল্যবিবাহ প্রতিরোধের বার্তাবাহী পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক ও অভিজ্ঞতাভিত্তিক উপস্থাপনার মাধ্যমে উপকূলের নারীদের জীবন সংগ্রাম তুলে ধরা হয়। 

মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি, সুন্দরবন নির্ভর জীবিকার সঙ্গে যুক্ত বাওয়ালি ও মৌয়ালদের অভিজ্ঞতা, দিনমজুর, কিশোর-কিশোরী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানে উঠে আসে উপকূলীয় নারীদের বাস্তবতা ও অধিকার বঞ্চনার চিত্র। পরে স্থানীয় কমিউনিটি ও যুব সংগঠন সিওয়াইডির উদ্যোগে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ এবং প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী উপস্থিত ছিলেন। 

আলোচনায় নারীদের জীবিকা, সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও সম-অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। 

বক্তারা বলেন, কেবল দিবস উদ্যাপন নয়, উপকূলের নারীদের কণ্ঠ নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানো এবং তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এই আয়োজনের মাধ্যমে উপকূলের নারীদের অভিজ্ঞতা ও প্রত্যাশা সমাজের বৃহত্তর পরিসরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।