শিরোনাম

জয়পুরহাট, ৮ মার্চ ২০২৬ (বাসস) : সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুইটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার দিবাগত রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে আটককৃত ব্যক্তির বাড়ি থেকে একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত ব্যক্তির তথ্যমতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। আটককৃত রাসেল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার ধন গ্রামের মকবুল হোসেনের পুত্র।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী গতকাল শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুর জেলার বিরল উপজেলার ধন গ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের জন্য আসামির বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম, যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা। সীমান্তে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে আছে বলে জানান তিনি।