শিরোনাম

রাঙ্গামাটি, ৭ মার্চ, ২০২৬ (বাসস) : বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে জেলায় আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুল হক ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহম্মদ ইলিয়াছ প্রমুখ।
সভায় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, রাঙ্গামাটিতে জ্বালানি তেলের কোন সংকট নেই। এখানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের বরাদ্দ রয়েছে। তাই এই বিষয়ে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য প্রচার করে জনগণকে সচেতন করার আহবান জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বলেন, আমরা জেলা শহরের জ্বালানি তেল সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলাপ করেছি এবং জেলা উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের মনিটরিং টিম কাজ করছে। জ্বালানি তেল নিয়ে জেলায় কোন ধরনের কৃত্রিম সংকট তৈরি না করতে সকলকে আহবান জানানো হয়।
এ ছাড়া জেলা শহরের জ্বালানি তেলের ডিলার এবং খুচরা ব্যবসায়ীরা জানান, বর্তমানে রাঙ্গামাটি পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের কোন সংকট নেই। বর্তমান পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ী জনগণকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলে সভায় জানানো হয়।