বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১১:৫১

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে কাঠুরিয়া আহত

স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার নামের এক ব্যক্তি আহত হয়েছেন। ছবি: বাসস

বান্দরবান, ৭ মার্চ ২০২৬, (বাসস) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।  আহত আবদুল জব্বার উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় কাঠুরিয়া।

গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়া সীমান্ত এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,  গতকাল এই এলাকার সাত থেকে আটজন কাঠুরিয়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় কাঠ কাটতে গিয়েছিলেন।

এই সময় নিয়ন্ত্রণ রেখার কাছে একটি মাইন বিস্ফোরণে আবদুল জব্বার আহত হন। বিস্ফোরণে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। এ ছাড়া তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আহত জব্বারকে গতকাল কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পাইনছড়ি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

২০১৭ সাল থেকে এই পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্তত ৬৩ জন মাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন। 

এরমধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের, পা হারিয়েছেন ৪৮জন। বাকিদেরও বিভিন্ন অঙ্গহানি হয়েছে। সবচেয়ে বেশি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে ২০২৫ ও ২০২৪ সালে। ২০২৪ সালে ১০ জন এবং গত বছর ১৮ জন হতাহত হয়েছেন।