শিরোনাম

পটুয়াখালী, ৬ মার্চ, ২০২৬ (বাসস): জেলার বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মামুন গাজী হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাউফল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সিফাত মল্লিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার কারখানা গ্রামের বশির উদ্দিন ওরফে সুজন মল্লিকের ছেলে। প্রায় আট বছর আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, বাউফল থানার ২০১৮ সালের জিআর ৩৫০/১৮ নম্বর হত্যা মামলার আসামি সিফাত।
মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে আদালত কয়েক দফায় তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে ২০২৪ সালে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে অভ্যন্তরীণ বিরোধের জেরে নিজ দলের প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা মামুন গাজীকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় নিহতের পরিবার বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।