শিরোনাম

নাটোর, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে জেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভার সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচীর মধ্যে সকাল সাড়ে নয়টায় শহরের ফুলবাগান গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে।
জেলা তথ্য অফিস শহরের জনবহুল স্থানগুলোতে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করবে। রাত সাড়ে দশটায় এক মিনিটের জন্যে কেপিআই ব্যতিত পুরো শহরে ব্লাক-আউট করা হবে। ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে স্মৃতিচারণমূলক আলোচনা সভা আয়োজন করা হবে।
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ২৬ মার্চ ভোরে শহরের স্বাধীনতা চত্বরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা চত্বরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পুষ্পস্তবক অর্পণ করা হবে জেলার পাঁচটি গণকবরে। সকাল আটটায় নাটোর জেলা ষ্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, জেলা কারগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, ভবনসমূহে আলোকসজ্জা এবং সকলের জন্যে উত্তরা গণভবন, রাণীভবানী রাজবাড়িসহ অন্যান্য দর্শনীয় স্থাপনায় বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হবে।
দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমী চিত্রাংকন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা, সরকারি গণগ্রন্থাগার রচনা প্রতিযোগিতা এবং শিল্পকলা একাডেমীতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করবে। নাটোর পৌরসভার সড়কগুলো সজ্জিত করা হবে।