শিরোনাম

মাদারীপুর, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার রাস্তি ইউনিয়নে দীর্ঘ দিনের অবহেলায় ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে। প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের লক্ষীগঞ্জ-রাস্তি খাল খনন কর্মসুচির উদ্বোধন করেছেন জাহান্দার আলী মিয়া।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষীগঞ্জ নদীর পাড় খেয়াঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মাদারীপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার তত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
জানা গেছে, লক্ষীগঞ্জ নদীর পাড়ের খেয়াঘাট থেকে আড়িয়াল খা নদী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে পড়েছিল। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী কৃষিকাজে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। খালটি শুকিয়ে মরা খালে পরিণত হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি এবং শুকনো মৌসুমে সেচ সঙ্কট দেখা দিত।
খালটি পুনঃখননের ফলে বর্ষার পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে এলাকার পরিবেশ ও স্বাভাবিক জলপ্রবাহ বজায় রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, বিএনপি সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসুচির অংশ হিসেবে খাল খনন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া বা দখল হয়ে যাওয়া খালগুলো পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এতে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষকরা তাদের জমিতে সহজে সেচ সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় খাল পুনঃখননসহ পানি ব্যবস্থাপনা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে।
এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার ওয়াদিবা শাবাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী।