শিরোনাম

বাগেরহাট, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র মাহে রমজানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও তাৎপর্য যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে কচুয়া প্রেসক্লাব-এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসান মাহমুদ এবং আরএমও ডা. মনি শংকর পাইক।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান ও সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম, মানবাধিকার সংগঠনের সম্পাদক জাহিদুল ইসলাম বুলুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
ইফতারের পূর্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা তুলে ধরেন। তারা বলেন, রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মসংযম, নৈতিকতা ও সামাজিক বন্ধন দৃঢ় করার এক মহিমান্বিত সময়।
পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া শেষে অতিথিবৃন্দ ও সাংবাদিকরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।