শিরোনাম

বাগেরহাট, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : বাগেরহাটে ধর্মীয় উৎসাহ ও বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দোল যাত্রা।
জেলার চিতলমারী উপজেলার গোড়া নালুয়া এলাকায় অবস্থিত বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বুধবার দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। দোল যাত্রায় অংশ নেন বাগেরহাট-১ আসনের এমপি জামায়াতের অধ্যক্ষ মো. মশিউর রহমান খান।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্ত এখানে সমবেত হন। সকাল থেকেই পূজা-অর্চনা, গীতাপাঠ ও কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসুচি। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
আবিরের রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন আনন্দ আয়োজনে। বিপুল জনসমাগম হলেও শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ছিল বিশেষ ব্যবস্থা।
ধর্মীয় বক্তারা বলেন, দোল যাত্রা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও সম্প্রীতির চেতনা জাগ্রত করে। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শান্তিপূর্ণভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও স্থানীয়রা।