শিরোনাম

নীলফামারী, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার ডোমার উপজেলার চিলাহাটি সীমান্তে তিন শিশুকে আটক করেছে ৫৬ বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়ন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ভোগড়াবুড়ি ইউনিয়নের চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্ত এলাকায় তাদেরকে আটক করে। ওই রাতে তাদেরকে ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ আজ বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন। আটক তিন শিশু হলো, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজি ইপিজেড এলাকার মো. ইসরাফিলের ছেলে মো. ইরফান (১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আকতারের ছেলে মো. সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাঁশতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির (১০)।
পুলিশ জানায়, তিন শিশু বাড়ি থেকে বের হয়ে ট্রেনে করে এক জেলা থেকে অন্য জেলায় কাজের জন্য যায়। ঘটনার দিন গতকাল মঙ্গলবার তারা খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে চিলাহাটি আসে। সেখানে সারাদিন অবস্থানের পর রাতে সীমান্ত পেরিয়ে ভারতের যাওয়ার সিদ্ধান্ত নেয়। এসময় সীমান্তে পৌঁছলে বিজিবি’র টহল দল তাদেরকে আটক করে।
ওই তিন শিশুর ভাষ্য মতে, তাদের সকলের বাবা অন্যত্র বিয়ে করায় তাদের বাড়ি থেকে বের করে দেয়া হয়। এরপর ট্রেনে ঘুরতে ঘুরতে তাদের মধ্যে পরিচয় হয়। সে থেকে তারা একত্রিত হয়ে এক জেলা থেকে অন্য জেলায় কাজের খোঁজে ঘুরে বেড়ায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ সত্যতা নিশ্চিত করে জানান, তারা ভিন্ন জেলার হলেও নিজেদেরকে বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।