বাসস
  ০৪ মার্চ ২০২৬, ১৩:২২

কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত 

জেলায় “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয় । ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৪ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে আজ বুধবার কুমিল্লা সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি এ কর্মশালার উদ্বোধন করেন।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, কুমিল্লার সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. নূরুল ইসলাম।

প্রথম সেশনে আলোচক হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। তার আলোচনার বিষয় ছিল—“বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব।”

তিনি বলেন, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, তথ্য যাচাই ও নৈতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে হলে প্রেস কাউন্সিলের আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। এতে যেমন সাংবাদিকদের পেশাগত মর্যাদা অক্ষুণ্ন থাকবে, তেমনি পাঠক-দর্শকের আস্থাও বৃদ্ধি পাবে।

দ্বিতীয় সেশনে প্রধান আলোচকের বক্তব্য দেন, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তার আলোচনার বিষয় ছিল—“গণমাধ্যমকর্মীদের আইনগত অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয়।”

তিনি বলেন, সাংবাদিকদের যেমন তথ্য সংগ্রহ ও প্রকাশের অধিকার রয়েছে, তেমনি দায়িত্বও রয়েছে সত্য, নির্ভুল ও ভারসাম্যপূর্ণ সংবাদ পরিবেশনের। দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে তিনি অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন আইন, নীতিমালা ও বাস্তব সমস্যাবলি নিয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন। প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন।