শিরোনাম

সুনামগঞ্জ, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও সকল ধরনের অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম নূরুল।
তিনি বলেন, নির্বাচনী এলাকায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং অনিয়মকারীরা কোনো আশ্রয়-প্রশ্রয় পাবে না।
নূরুল ইসলাম নূরুল আরো বলেন, প্রশাসনকে অনিয়ম ও অপরাধ দমনে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। হাওরাঞ্চলের উন্নয়নে খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো অপশক্তি দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।
গতকাল মঙ্গলবার দুপুরে সংবর্ধনা সভায় নবনির্বাচিত সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শেরনুর আলী, আকবর আলী প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে সংবর্ধনা প্রদান করেন কর্মকর্তা বৃন্দ।