শিরোনাম

বগুড়া, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার আদমদীঘি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালগ্রাম ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার ডহরপুর গ্রামের মো. রুবেল হোসেনের ছেলে মো. আকাশ (২৪)। তিনি প্রবাসে কর্মরত ছিলেন বলে পরিবার জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেল নিয়ে ডহরপুর থেকে শালগ্রাম যাচ্ছিলেন। পথে শালগ্রাম এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলী বাসস’কে বলেছেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’