শিরোনাম

বাগেরহাট, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার চিতলমারীতে আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন করে যাত্রা শুরু করেছে ‘স্যাড ক্লিনিক’।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকটির উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জামায়াতের অধ্যক্ষ মাওলানা মো. মশিউর রহমান খান।
ক্লিনিকের স্বত্বাধিকারী ও সার্জারি বিশেষজ্ঞ ডা. জওহরলাল সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. সজল বিশ্বাস, গাইনি, শিশুরোগ, মেডিসিন ও অ্যানেসথেসিওলজিস্ট ডা. তাপস পোদ্দার, কিডনি, মূত্রথলি, প্রস্টেট ও প্রজণনতন্ত্র রোগ বিশেষজ্ঞ ডা. মো. মুক্তি বিশ্বাসসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মশিউর রহমান খান বলেন, গ্রামীণ জনপদে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে বেসরকারি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি হাসপাতালের ওপর চাপ কমাতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি ‘স্যাড ক্লিনিক’-এর সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চিতলমারী ও আশপাশের এলাকার মানুষ এখন থেকে উন্নত চিকিৎসা সেবা পেতে দূরদূরান্তে ছুটতে হবে না। ‘স্যাড ক্লিনিক’ আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে নির্ভরযোগ্য সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।