শিরোনাম

নেত্রকোণা, ৩ মার্চ, (বাসস) : জেলার বারহাট্টায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি গোলাম কিবরিয়াকে (২৮) জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
দীর্ঘ এক বছর পলাতক থাকার পর গতকাল সোমবার দুপুরে নেত্রকোণা জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে এই আদেশ দেন।
আসামি গোলাম কিবরিয়া বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত বছরের ২ সেপ্টেম্বর ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিবেশী পারুলা বেগমের বাড়িতে আরবি শিখতে গিয়ে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। ঘটনার বেশ কিছুদিন পর কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান এবং তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে গত ২২ ডিসেম্বর ওই কিশোরী একটি পুত্র সন্তান প্রসব করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর থেকেই আসামি কিবরিয়া সুকৌশলে পলাতক ছিলেন। তবে পুলিশি তৎপরতা ও চাপের মুখে তিনি সোমবার আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হন। এরআগে পুলিশ তদন্তের প্রয়োজনে প্রতিবেশী পারুলা বেগমকে আটক করেছিল।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বাসস’কে জানান, আসামি দীর্ঘ সময় মোবাইল ফোন ছাড়াই আত্মগোপনে ছিল। পুলিশের গোয়েন্দা তৎপরতা ও আসামির স্বজনদের ওপর চাপের মুখে সে আদালতে আত্মসমপর্ণ করে। তিনি আরও জানান, নবজাতকের পিতৃ পরিচয় নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে আসামির ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হবে।
বর্তমানে ভুক্তভোগী কিশোরী ও তার নবজাতক সন্তান হাসপাতালে চিকিৎসাধীন এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।