শিরোনাম

নারায়ণগঞ্জ,২ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার রূপগঞ্জে একটি বেসরকারি ঘাটে পণ্য খালাসের সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল-আমিন (৩২) এবং একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গানগর এলাকার স্থানীয় ব্যবসায়ী কাজল ঘোষের মালিকানাধীন ওই ঘাটে ট্রাইকম গ্রুপের পণ্যবাহী জাহাজ থেকে গম খালাস করা হচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে ক্রেনচালক আমিনুল ইসলাম জাহাজ থেকে মালামাল আনলোড করার সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে লোহার ভারী গ্রাফটি নিচে কর্মরত শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অপরজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক জানান, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ক্রেনের তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।