শিরোনাম

ঝিনাইদহ, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক অভিযানে এই জরিমানা করা হয়।
শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে মোট ২টি মামলা দায়ের করা হয়। এতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,-২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় দুই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।
তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এটি কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষি জমি সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।