বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২

জয়পুরহাটে পাচারকালে টিসিবি’র পণ্য আটক

মোসলেমগঞ্জ বাজারে পাচার করার সময় ১২ বস্তা টিসিবি’র পণ্য আটক করা হয় । ছবি: বাসস

জয়পুরহাট, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কালাই পৌর শহরে ডিলার পয়েন্ট থেকে কমপক্ষে ১৫ কিলোমিটার দুরে মোসলেমগঞ্জ বাজারে পাচার করার সময় ১২ বস্তা টিসিবি’র পণ্যসহ ভ্যান চালককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় টিসিবি’র পণ্যবাহী ভ্যানও আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইফতারের সময় এ ঘটনা ঘটে। আটক ভ্যান চালকের নাম রতন মিয়া (৪৫)। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া উত্তর পাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে।

ভ্যান চালক রতন মিয়া জানান, এই ১২বস্তা মাল কালাইয়ের ডিলার মতিন সরকারের ঘর থেকে নিয়ে কামদিয়া বাজারে বেলাল উদ্দিনের দোকান ঘরে নেয়া হচ্ছিল। বেলাল এই মালগুলো কিনে আমার ভ্যানে করে নিয়ে যাচ্ছে। এসময় মালামাল ক্রেতা বেলালও ভ্যানের সাথে ছিল।  

জানা গেছে, ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার দীর্ঘদিন ধরে কালাই পৌর শহরের ডাশপুকুর এলাকায় টিসিবি’র পণ্য বিতরণ করে আসছেন। বৃহস্পতিবার টিসিবি’র পণ্য বিতরণের পর ৩০ কেজি চাল, ১শ’ কজি মসুর ডাল, ১শ’ কেজি ছোলা বুট, ১১৪ লিটার তেলসহ পণ্যগুলো ১২টি প্লাস্টিকের বস্তায় ভরে একটি ভ্যানযোগে মোসলেমগঞ্জ বাজারের দিকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা আটক করে। এ সময় ডিলার এসে ওই পণ্যগুলো নিয়ে যেতে চাইলে জনতার সাথে ডিলারের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

পরে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া এসে মালামাল ও ভ্যান চালককে আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়।

স্থানীয় উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া বলেন, উত্তেজিত জনতা আটক করে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়েছি।

টিসিবি’র ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার বলেন, এসব পণ্য আমার। এগুলো কোথায় যাবে তা বলার প্রয়োজন মনে করছি না। আপনার যা করার তা করতে পারেন। আর মালামাল আটক করে কি করতে পারেন তাও দেখা যাবে। 

এ ব্যাপারে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বাসস’কে জানিয়েছেন, কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ডিলার সরকার ট্রেডার্স, রুপম ট্রেডার্স ও পৌরসভা এলাকার মৌমিতা ট্রেডার্স নামে ৩টি টিসিবি’র ডিলার আ. মতিন সরকারের বলে জানতে পেরেছি। মালামাল আটকের খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবকে বলা হয়েছে। যেহেতু জনতা টিসিবি’র পণ্য আটক করেছে, সে কারণে অবশ্যই ডিলারের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে নিয়মিত মামলা করবেন। মামলার তদন্তের ওপর ভিত্তি করে পরবর্তিতে ব্যবস্থা নেওয়া হবে।