শিরোনাম

মাগুরা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): “ডায়াবেটিসকে জানুন, ব্যবস্থা নিন” এ প্রতিপাদ্যে মাগুরা শহরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা ডায়াবেটিক সমিতির আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস (রক্তে শর্করা) পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরীক্ষা, প্রাথমিক দন্ত চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত হয়ে এসব সেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।