বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৫
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৫

বান্দরবানে ৫শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বান্দরবান সেনা জোনের উদ্যোগে দরিদ্র , অসহায় পরিবার ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয় । ছবি: বাসস

বান্দরবান, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রমজান উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে দরিদ্র , অসহায় পরিবার ও এতিমখানার এতিমদের মঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সদর সেনা জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান।

এসময় সদর জোনের স্টাফ অফিসার মেজর রবিউল ইসলাম, বিভিন্ন মসজিদ ও এতিমখানার দায়িত্বপ্রাপ্ত ইমাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান বলেন, পবিত্র রমজান মাসে গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় নিরাপত্তা প্রদানের পাশাপাশি স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সদর জোনের আওতাধীন বিভিন্ন এলাকার ৫শ পরিবার ও মাদ্রাসা-এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের মাঝে চাল, ডাল, মুড়ি, ছোলা, তেল, খেজুরসহ বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়।