শিরোনাম

কুষ্টিয়া, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): কুষ্টিয়ায় ট্রেনের নিচে চাপা পড়ে শাহা জামাল (৫৯) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা আরো একজন গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে শহরের পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শাহ জামালের বাড়ি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝাড় গ্রামে। তিনি ঠিকাদারি কাজের জন্য কুষ্টিয়ার পুলিশ লাইনসের সামনে ভাড়ার বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্বমপুরের নাসির ডাক্তারের গলিতে এই রেল ক্রসিংটি। এখানে কোন রেলগেট এবং গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
আজ সকালে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি ওই রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে ট্রেনটি এসে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে করে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসী অরক্ষিত এই রেল ক্রসিং এ একটি গেট এবং গেট ম্যান নিয়োগের দাবি জানান।
পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, মূলত ঘটনাস্থলে কোন রেলগেট এবং গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মটর বাইকটি রেল লাইনের উপরে উঠে পড়ে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন এসে পড়লে ট্রেনের নিচে মোটরসাইকেটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং একজন আহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।