শিরোনাম

লালমনিরহাট, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): লালমনিরহাট সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বংালাদেশ (বিজিবি)’র পৃথক বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও নিভিয়া সফট ক্রিম জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ১৫ বিজিবি'র থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রামখানা ও ঝাউরানী বিওপির দুটি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। দুপুর ২টায় রামখানা বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ক্লিনিক মোড় এলাকায় এবং রাত ৭টা ৪৫ মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে ধাওয়া করলে চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় নিভিয়া সফট ক্রিম ৯৫০ পিস এবং নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ৫০ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র জানায়, জব্দকৃত নিভিয়া সফট ক্রিমের সরকারি সিজার মূল্য ১ লাখ ৪ হাজার ৫০০ টাকা এবং ফেয়ারডিল সিরাপের মূল্য ২০ হাজার টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।
ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বাসসকে বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদক চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।