শিরোনাম

কক্সবাজার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কক্সবাজারে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশাযাত্রী এক পর্যটন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দু’জন। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা দরগাহপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক (৩৪) সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার মৃত আলী হোসেনের ছেলে। তিনি পর্যটন ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে কক্সবাজারের স্থানীয় একটি দৈনিক পত্রিকায় সেন্টমার্টিন প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
নিহত আব্দুল মালেকের বড় ভাই আব্দুর রহিম জিহাদি জানান, কয়েক দিন পরই আব্দুল মালেকের সৌদি আরব যাওয়ার কথা ছিল। রামুর জোয়ারিয়ানালা এলাকায় প্রশিক্ষণ কেন্দ্রে তার তৃতীয় দিনের মতো হজ্জের প্রশিক্ষণ চলছিল। প্রশিক্ষণ শেষে দুপুর ২টার দিকে রামু থেকে অটোরিকশায় কক্সবাজার শহরে ফিরছিলেন আব্দুল মালেক। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা দরগাহপাড়া এলাকায় তাকে বহনকারী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। আব্দুল মালেককে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বাসস’কে জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।