বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৯ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৬৯ জন, তেজগাঁও বিভাগে ৭০ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৮ জন ও গোয়েন্দা বিভাগে একজন রয়েছে ।

অভিযানকালে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেন্সিডিল, ১৪৩ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, সাতটি মোবাইলফোন, একটি ইয়াবা সেবনের পাইপ, দুই টি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট ও নগদ ৮৪০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।