বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬

হিলি স্থলবন্দরে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে ব্যবসায়ীদের বৈঠক

ছবি : বাসস

দিনাজপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করা,হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান সমস্যা গুলো চিহ্নিত করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ীদের অংশ গ্রহণে যৌথ দ্বি-পাক্ষিক মতবিনিময় সভা গতকাল রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত ৮টা থেকে ১১টা পযন্ত ৩ ঘন্টাব্যাপী দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকায় হিলি কাস্টমস এবং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, দিনাজপুর হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম মণ্ডল, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা এবং হাকিমপুর থানার ওসি পরিদর্শক মো. জাকির হোসেন।

এ সময় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দ, সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি এবং স্থলবন্দর কেন্দ্রিক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি হয়েছে। হিলি স্থলবন্দরকে কেন্দ্র করে পরিচালিত আমদানি-রপ্তানি কার্যক্রম উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই কার্যক্রম আরও সম্প্রসারণ ও বেগবাব করতে ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয় করা প্রয়োজন।

প্রধান অতিথি’র বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেন, বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক পর্যায়ক্রমে আরও শক্তিশালী হচ্ছে। সীমান্ত বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে যে কোনো যৌক্তিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিসেবে হিলির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি ব্যবসায়ীদের সুবিধার্থে ভারতীয় ভিসা প্রাপ্তি আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, বন্দরের কার্যক্রম সহজ, স্বচ্ছ ও গতিশীল রাখতে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের মধ্যে নিয়মিত মতবিনিময় অব্যাহত রাখা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বিদ্যমান সমস্যা গুলোর দ্রুত সমাধান সম্ভব।

সভায় অংশ গ্রহণকারী ব্যবসায়ী নেতারা সীমান্ত বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকের পূর্বে ভারতীয় সরকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার হিলি স্থলবন্দরে কাস্টম বিভাগ ও ব্যবসায়ীদের অবকাঠামো এবং আমদানি রপ্তানি কার্যক্রমের অবস্থান পরিদর্শন করেন।