শিরোনাম

সাতক্ষীরা, ২৯ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, জিরা ও নেশা জাতীয় উইনকেরেক্স কফ সিরাপ প্রভৃতি জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ৪৪ হাজার আটশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ শনিবার সাতক্ষীরা সদর উপজেলাধীন বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর, পদ্মশাখরা ও তলুইগাছা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদরের বিশেষ টহল দল সদর উপজেলার শ্রীরামপুর নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কেওড়াবাগান নামক স্থান হতে ভারতীয় নেশা জাতীয় উইনকেরেক্স কফ সিরাপ জব্দ করে। এছাড়া, তুলইগাছা বিওপির বিশেষ আভিযানিকদল সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি নামক স্থান হতে ভারতীয় জিরা জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ৪৪ হাজার আটশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।