শিরোনাম

রাঙ্গামাটি, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলায় আজ দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট, গার্লস ইন রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডারদের নিয়ে ‘১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’ শুরু হয়েছে।
বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আজ বুধবার দুপুরে কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে পাঁচ দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন।
বাংলাদেশ স্কাউটসের যুগ্ম-নির্বাহী পরিচালক এ এইচ এম মুহসিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল, বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম পরিচালক মোছা. মাহফুজা পারভীন, মেহেনাজ মুন্নি প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার (নৌ অঞ্চল) এবং কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম।
আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প আগামি ৩০ আগস্ট পর্যন্ত চলবে। অ্যাডভেঞ্চার, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন।
বুধবার উদ্বোধনী দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কাপ্তাই হ্রদের ওয়াটার অ্যাক্টিভিটিতে অংশ নেন। পরে তারা বোটযোগে রাইংখ্যং আইল্যান্ডে গিয়ে তাবু স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্ক পরিদর্শন এবং রাতে ক্যাম্প ফায়ারের আয়োজন রয়েছে।