বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ১৭:০৯
আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৭:১৬

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ছবি : বাসস

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমরা বিএনপি পরিবার- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।

তিনি জানান, শহীদ জোবায়েরের বোন জেসমিন আকতার ব্রেন টিউমারে (ব্রেইন স্টেম গ্লাইয়োমা) আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান জানা মাত্র তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিউরোসায়েন্স হাসপাতালে যান।

প্রতিনিধি দলটি শহীদ জোবায়েরের বাবা-মার সঙ্গে কথা বলেন এবং জেসমিন আক্তারের চিকিৎসায় সর্বাত্মক সহায়তায় পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ পরিবারের সদস্য গোলাম রহমান, রবিউল আওয়াল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, শহীদ জোবায়ের চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তার একমাত্র বোন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত।