শিরোনাম

মেহেরপুর, ২৩ আগস্ট ২০২৬ (বাসস): জেলা সদরে আজ বিভিন্ন অনিয়মের দায়ে একটি রেস্টুরেন্ট ও দুইটি বেকারিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার দুপুরে জেলা শহরের হোটেল বাজার ও বড়বাজার এলাকায় তদারকিমূলক অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ. দা.) মোহাম্মদ মামুনুল হাসান।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, সনদ না থাকায় এবং নিষিদ্ধ কেওড়া জল ও শিল্প লবণ ব্যবহার করে খাদ্য সামগ্রী তৈরির দায়ে আব্দুস সালাম হাওলাদারের ঢাকা কাচ্চি ঘরকে ৩০ হাজার টাকা, লাইসেন্স নবায়ন না করা ও কাঁচা মাংসের সাথে খাওয়ার বরফ রাখার দায়ে মেহেদী হাসানের জোছনা বেকারি এন্ড কনফেকশনারীকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্স বিহীন বেকারি সামগ্রী তৈরি ও পণ্যের মেয়াদ উল্লেখ না থাকায় আল আরাবি আজিজের আল বারাকা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা (অ. দা.) রিয়াজ মাহমুদ, ক্যাব সভাপতি রফিকুল আলম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।