বাসস
  ২৩ আগস্ট ২০২৬, ১৩:৫৫

নভেম্বরে রাজশাহীতে আয়োজিত হবে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু শনিবার রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’-এর প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: বাসস

রাজশাহী, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : নভেম্বর মাসেই রাজশাহীতে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভলিবল টুর্নামেন্ট। সম্ভাব্য ২১ হতে ২৭ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের মূল লক্ষ্য রাজশাহীতে ভলিবল খেলাকে পুনরুজ্জীবিত করা’।

শনিবার রাত আটটায় রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’-এর প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, এবারের টুর্নামেন্টে পুরুষ বিভাগে অংশ নেবে দেশের সেরা দলসমূহ। যার মধ্যে থাকবে- বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, ঢাকা প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন দল এবং রাজশাহীর বিভাগ লীগের চ্যাম্পিয়ন দল ।

তিনি আরও বলেন, নারী দলের ভলিবল খেলাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে রাজশাহী জেলা নারী ভলিবল দল এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন পুলিশ নারী ভলিবল দলের মধ্যে বিশেষ ম্যাচের আয়োজন করা হবে।

এই টুর্নামেন্ট রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আয়োজন করা হবে বলে জানান তিনি।

রাজশাহীতে ভলিবলসহ অন্যান্য খেলার প্রসারে সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণকাজ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ ক্রীড়ামুখী সমাজ গঠনে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, খেলা পরিচালনার জন্য একটি দক্ষ টেকনিক্যাল কমিটি এবং অর্থ কমিটি গঠন করা হবে। এই টুর্নামেন্টের সম্ভাব্য প্রাক্কলিত বাজেট ১২ থেকে ১৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বাজেট সম্পূর্ণ নিজেদের তহবিল ও কর্পোরেট স্পন্সরের মাধ্যমে নির্বাহ করা হবে, সাধারণ মানুষের কাছ থেকে কোনো প্রকার চাঁদা বা অনুদান নেওয়া হবে না।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, আরএমপি কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এরশাদ আলী ঈশাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, কোচসহ আরও অনেকে।