বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১০:৩০
আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১০:৪১

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

নড়াইল, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : নড়াইলে সড়ক দুর্ঘটনায় সবুজ মোল্যা (৩৬) নামে ১ জন নিহত হয়েছেন। নিহত সবুজ মোল্যা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে। রোববার রাত ৯টার দিকে কালিয়া উপজেলার কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় ইঞ্জিন চালিত ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথচারী সবুজ মোল্যা। দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌমিক সাহা মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী বাসস’কে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।