বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৬:১৩

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রাম (দক্ষিণ), আগস্ট ১৬, ২০২৬ (বাসস) : জেলার বোয়ালখালীতে পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মুহাম্মদ সোলাইমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় নির্মাণাধীন ঘরের কাজের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সোলাইমান বটতল অলি বিশ্বাস বাড়ির শামসুল আলমের ছেলে।

সোলাইমানের মা রোকেয়া বেগম জানান, সকালে সোলাইমানের ভাইয়ের নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির লাইন দিতে গিয়েছিল। মোটরে বিদ্যুৎ লাইন দেয়ার সময় তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.পূজা ভৌমিক বলেন, সকাল পৌনে ৯টার দিকে সোলাইমানকে মৃত ঘোষণা করা হয়েছে। সে বিদ্যুৎস্পষ্ট হয়েছিলো বলে স্বজনরা জানিয়েছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিদ্যুৎস্পৃষ্টে সোলাইমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়ায় বিনা ময়না তদন্তে যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।