শিরোনাম

ঢাকা, ১৪ আগস্ট ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার প্রতিটি এলাকার শিক্ষা, অবকাঠামো এবং পরিবেশগত উন্নয়নে অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নান্দাইলের মানুষের শিক্ষা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দিনব্যাপী সফরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
তিন দিনের সফরে গতকাল ময়মনসিংহ হয়ে নান্দাইলে পৌঁছান প্রতিমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনের শুরুতে আজ সকালে তিনি নিজ বাসভবন বাহাদুরপুর হাউজে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে প্রতিমন্ত্রী নান্দাইলের চর বেতাগৈর কেন্দ্রীয় পাঠাগার পরিদর্শনের মাধ্যমে দিনের অন্যান্য কর্মসূচি শুরু করেন। সেখানে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, পাঠাগার হলো জ্ঞান চর্চার কেন্দ্র। তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামী পথ থেকে দূরে রাখতে পাঠাগারমুখী করতে হবে।
এরপর তিনি নান্দাইলের চর উত্তরবন্দ (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার আধুনিক ভবন ও সুযোগ-সুবিধা তৈরি করে দিচ্ছে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
দিনব্যাপী কর্মসূচির এক পর্যায়ে তিনি কানুরামপুর-ত্রিশাল সড়কের চর বেতাগৈর ইউনিয়নের নতুন বাজার এলাকায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য খালটি পরিদর্শন করেন। এই এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় জনদুর্ভোগের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের টেকসই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তিনি এ সময় আরও বলেন, জনগণের ভোগান্তি নিরসনে আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। উন্নয়নের পথে কোনো প্রতিবন্ধকতা সহ্য করা হবে না। জলাবদ্ধতা দূর করে মানুষের চলাচলের দুর্ভোগ অচিরেই দূর করা হবে।
সফরকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।