শিরোনাম

রাঙামাটি, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : চলতি মাসের ১৮ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা। আর এ পূজাকে ঘিরে রাঙামাটিসহ বিভিন্ন উপজেলায় জমে উঠেছে ছাগলের বাজার। পূজোর জন্য ভালো মানের ছাগল কিনতে রাঙামাটির হাটে হাটে ঘুরে বেড়াচ্ছে ক্রেতারা।
আজ বৃহস্পতিবার সকালের দিকে কাপ্তাই উপজেলার রাইখালীতে সরেজমিনে গিয়ে দেখা যায় সাপ্তাহিক বাজারে জমে উঠেছে ছাগলের হাট। বিশেষ করে এবার পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসছেন এ কাপ্তাইয়ের রাইখালী ছাগলের হাটে।
রাইখালী বাজারের ছাগলের হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হাটে বাড়তে থাকে মানুষের উপস্থিতি ও কেনাবেচার ব্যস্ততা।
হাটে ছোট-বড় দেশি পাহাড়ি পাঁঠা ও ছাগলের পাশাপাশি হরিয়ানা ক্রস জাতের ছাগল, ভেড়া ও হাঁস বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পাহাড়ি ছাগল।
রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী গ্রামের মৃদুল শীল, চন্দ্রঘোনা নাথপাড়ার শিমুল নাথ, দোভাষী বাজারের ব্যবসায়ী দিজান্ত ধর বাসস’কে বলেন, রাইখালী বাজারে পাহাড়ি ছাগল পাওয়া যায়। অন্য বাজারের তুলনায় এখানে অনেক সময় দামও তুলনামূলক কম থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে ছাগলের দাম বেশি বলেও অভিযোগ করেন তারা।
অন্যদিকে, ছাগল বিক্রি করতে আসা ব্যবসায়ী নুরুল আলমসহ অন্যান্য ব্যবসায়ীরা বাসস’কে বলেন, এবার ছাগলের হাটে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি। তবে চাহিদার তুলনায় দাম কম পাওয়ায় অনেক সময় প্রত্যাশিত লাভ হচ্ছে না।
রাইখালী ছাগলের হাটের ইজারাদার শুক্কুর মোল্লা বাসস’কে বলেন, ‘পূজাকে কেন্দ্র করে এবারের ছাগলের বাজার বেশ জমজমাট। এবার হাটে পাহাড়ি ছাগলের বেশ চাহিদা রয়েছে। তবে তুলনামূলকভাবে এবার দাম কম থাকায় ক্রেতারা এ বাজারে বেশি আসছেন।’