শিরোনাম

যশোর, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নিকটস্থ মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে গতকাল বুধবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চিঠিও পাঠানো হয়েছে।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নির্দেশে রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত চিঠিটির অনুলিপি প্রধানমন্ত্রীর একান্ত সচিব, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, রেলপথ মন্ত্রণালয় ও বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছেও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সাড়ে ৫ হাজার শিক্ষার্থীর যাতায়াতের জন্য প্রায় ১২ কিলোমিটার দূরে যশোর জংশনে যেতে হয়, এতে সময়-অর্থ নষ্ট হয় এবং শিক্ষার্থীরা প্রায়ই ট্রেন ধরতে ব্যর্থ হন।
যবিপ্রবি উপাচার্য বলেন, মেহেরুল্লাহনগর স্টেশনে স্টপেজ চালু হলে যবিপ্রবি’র শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের মেহেরুল্লাহনগর স্টেশনটি দীর্ঘদিন বন্ধ। বর্তমানে সেখানে একটি মেইল ট্রেন ছাড়া অন্য কোনো আন্তঃনগর ট্রেন থামে না।